ঐচ্ছিক ছুটিতে বিশ্ববিদ্যালয় খোলা, নোটিশ না থাকায় বিপাকে শিক্ষার্থীরা

রাহাদুল ইসলাম সুজন, কুবি।।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে আগামী রবিবার (৮ নভেম্বর) শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটির উল্লেখ থাকলেও এ বিষয়ে এখনো কোনো নোটিশ জারি করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।

‎এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শায়েব সাব্বির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “কি এক অপদার্থ বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন! গতকাল পর্যন্ত একাডেমিক ক্যালেন্ডারে দেখিয়েছে ভার্সিটি বন্ধ রবিবার। আজকে দেখাচ্ছে খোলা। যারা বাড়িতে চলে গেছে বন্ধ পেয়ে তারা কিভাবে এসে ক্লাস করবে?”

‎নাম প্রকাশে অনিচ্ছুক পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডারে ছুটির উল্লেখ থাকায় অনেকেই বাড়িতে চলে গেছেন। কিন্তু স্পষ্ট নোটিশ না থাকায় এখন ক্লাসে উপস্থিত হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রশাসনের আগেই স্পষ্ট নির্দেশনা দেওয়া উচিত।’

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নূরুল করিম চৌধুরী বলেন, “একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এটি বন্ধ নয়, বরং ঐচ্ছিক ছুটি। ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে আলাদাভাবে ডিক্লারেশন দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ জারি করার পর ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে, লাল কালিতে চিহ্নিত ছুটিগুলো বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়। সেসব ছুটির জন্য আলাদা করে নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না।”

‎তিনি আরও বলেন, শ্যামাপূজা উপলক্ষে বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সনাতন ধর্মাবলম্বী কোনো শিক্ষার্থীর পরীক্ষা থাকলে এবং তিনি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চাইলে, তাঁর পরীক্ষা বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়।”