পারভেজ সরকার, দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে এক রিকশাচালকের পৈতৃক জমি স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিরোধ মীমাংসার জন্য আয়োজিত সালিশ বৈঠকে হামলার শিকার হয়েছেন ওই রিকশাচালকের পরিবারের দুই ভাই। তাঁদের মধ্যে আলমগীর হোসেন (৪৬) গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথা, গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
গত ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের পানা উল্লাহ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীর হোসেন দেবিদ্বার থানায় সাতজনকে অভিযুক্ত করে লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন ও তাঁর পরিবারের সঙ্গে চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছে। তাঁদের দাবি, পৈতৃক সম্পত্তি হওয়া সত্ত্বেও একটি পক্ষ জমিটি জোরপূর্বক ভোগদখল করে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঘটনার দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় জামাল হোসেনের বাড়ির উঠানে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, সালিশ বৈঠক চলাকালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আলমগীর ও তাঁর ভাই জাহাঙ্গীর আলম (৫৫) প্রতিবাদ করলে অভিযুক্তরা ঘর থেকে দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো দা দিয়ে আলমগীরের মাথায় কোপ দেওয়া হয়। পরে লোহার রড দিয়ে গলার বাম পাশে এবং দা দিয়ে ডান হাতের কনুই থেকে কব্জির মধ্যবর্তী স্থানে আঘাত করা হয়। লাঠি দিয়ে তাঁর বাম হাতেও আঘাত করা হয়।
ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে জাহাঙ্গীর আলমকেও মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং ডান হাতের কনিষ্ঠ আঙুলে রক্তাক্ত আঘাত লাগে। এ সময় অভিযুক্তদের একজন জাহাঙ্গীরের শার্টের বুক পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে যান বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ (সাবেক ৪ নম্বর ওয়ার্ড সদস্য) বলেন, জমিটি ভুক্তভোগীদের পৈতৃক সম্পত্তি। তাঁদের দাবি অনুযায়ী, একটি প্রভাবশালী পক্ষ দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছে। প্রকৃত মালিকদের তাঁদের পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার দাবি জানাই। জমির বিরোধের সুষ্ঠু সমাধান করে ভুক্তভোগীরা যেন তাঁদের ন্যায্য অধিকার ফিরে পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় তাঁরা পরবর্তীতে সুযোগ পেলে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।
আহতরা প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে আলমগীর হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আলমগীর হোসেন দেবিদ্বার থানায় সাতজনকে অভিযুক্ত করে এজাহার দিয়েছেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”