বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ বলতে বাধ্য করা যুবক ঢাকা কলেজ ছাত্রদলের কর্মী

ডেস্ক রিপোর্ট।।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন এবং যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনায় ভাইরাল হওয়া যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। সাবিদ হাসান নামের ওই যুবক ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঢাকা কলেজ শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ নভেম্বর ‘গোপালগঞ্জ আওয়ামী’ নামের একটি ফেসবুক পেজে ‘গোপালগঞ্জ চন্দ্রদিঘলীয় বাস চেক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক গোপালগঞ্জের চন্দ্রদিঘলীতে খুলনাগামী একটি বাস আটকে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করছেন। একপর্যায়ে ছুরি প্রদর্শন করে এক যাত্রীর মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি চালানো হয়।

ঢাকা কলেজের কয়েকজন ছাত্রদল নেতার দেওয়া তথ্যমতে, সাবিদ হাসানের বাড়ি গোপালগঞ্জে। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। পরবর্তীতে মিল্লাদ হোসেন তাকে নিজের বলয় থেকে সরিয়ে দিলেও তিনি ছাত্রদলের পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ছাত্রদলের এক নেতার সঙ্গে নিউমার্কেট এলাকায় তার ফুটপাতে ব্যবসায়িক সম্পর্ক এবং ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন পোর্টালে মাল্টিমিডিয়া প্রতিবেদক পরিচয়ে কাজ করার তথ্যও পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিদের পরিবারের সদস্যদের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এবং তার আপন বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঢাকা কলেজ ছাত্রদলের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেন, ‘একদিকে ছাত্রলীগ নেতাকে কেক খাওয়াচ্ছে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব, অন্যদিকে ওই ছেলেই আবার গোপালগঞ্জে বাস থামিয়ে সাধারণ জনগণকে দিয়ে জোর করে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে। আমাদের আরও সচেতন হওয়া উচিত।’

ছাত্রদল কর্মী মাসুদ রানা ফেসবুকে লিখেন, ‘সুপার কোরামের লোক হলে ছাত্রলীগ করে ছাত্রদলে পদ পাওয়াও সম্ভব। অথচ ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, আন্দোলন-সংগ্রাম এসবের চেয়ে কোরাম রাজনীতিই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।’

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বলেন, ‘সাবিদ প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন। তবে ছাত্রদলের কোনো কমিটিতে তার পদ ছিল না এবং সাংগঠনিক কর্মসূচিতেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল না। তার পরিবারের আওয়ামী লীগ সম্পৃক্ততার বিষয়টি জানতে আমাদের কিছুটা সময় লেগেছে। গত ছয়-সাত মাস ধরে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।’

তিনি আরও জানান, সাবিদকে কোথাও পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের সংগঠনে সম্পৃক্ত করার আগে তাদের পরিচয় ও পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততা যাচাইয়ে ছাত্রদল আরও সতর্ক থাকবে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাবিদ হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।