ব্রাহ্মণপাড়ায় ৬০ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ জব্দ

গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই মোঃ কামরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাঈন উদ্দিন সরকার বাড়ির পাশের একটি ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তায় একটি সন্দেহজনক পিকআপ ভ্যান দেখতে পায় পুলিশ। পুলিশ এগিয়ে গেলে চালক ও তার সহযোগীরা উপস্থিতি টের পেয়ে পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-২১/০৪/২৬) দায়ের করা হয়েছে।জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।