মেঘনা প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে কুমিল্লার মেঘনায় লক্ষনখোলা (দ:) আলোর দিশারি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় লক্ষনখোলা মুন্সীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেনসহ মোট ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় চতুর্থ শ্রেণির ৫৩ জন এবং পঞ্চম শ্রেণির ৭৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে পঞ্চম শ্রেণির রাজিয়া আক্তার নামে এক ছাত্রী অনুপস্থিত থাকায় মোট ১২৭ জন পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মেঘনা থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, বিদ্যালয়ের সভাপতি ও আয়োজক মো. এনামুল হক, জসিম উদ্দিন, সানাউল্লাহ, আলমগীরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।