সংসদে বক্তব্য ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে কী করেছে এনসিপি- প্রশ্ন জাবেরের

রাহাদুল ইসলাম সুজন, কুবি।।

‎জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। সংসদে দু-একটি বক্তব্য দেওয়া ছাড়া এ বিষয়ে দলটির পক্ষ থেকে আর কী জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন তিনি।

‎বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

‎আব্দুল্লাহ আল জাবের বলেন, এনসিপির জন্ম হয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে। জুলাই না হলে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল হতো কি না, সে প্রশ্ন তুলে তিনি বলেন, দলটির ছয়জন সংসদ সদস্যও জুলাইয়ের কারণেই নির্বাচিত হয়েছেন।

‎তিনি বলেন, “জুলাইয়ের কারণে যারা এমপি হয়েছে, জুলাইয়ের কারণে যারা আজকে জনগণের কাছে ভালোবাসার মানুষ, তারা এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে এবং জুলাই গণহত্যার বিচারের জন্য কী কী করেছে, আমরা এটা একটু জানতে চাই।”

‎ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

‎উল্লেখ্য, গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া ৩১ দিনের এই মার্চ আগামী ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

‎