হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলা বাসস্ট্যান্ড ও পঞ্চবটি এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দড়িকান্দি ঘনিয়ারচর এলাকার ইউসুফ (৩৭), তার ছেলে ইয়াসিন (১২) ও স্ত্রী খাদিজা (৩৫) আহত হন।
এর কয়েক মিনিট পর একই এলাকায় হোমনা–বাঞ্ছারামপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মরিয়ম (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। আরেক দুর্ঘটনায় পঞ্চবটি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কাতারের নেছা (৬০) আহত হন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুই শিশু ইয়াসিন, মরিয়ম ও খাদিজার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরি বলেন, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”