আজ ঘোষণা হবে আবু সাঈদ হত্যা মামলার রায়, নজরে পুরো দেশ

ডিস্ক রিপোর্ট 

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।

রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদ নির্মম হত্যার শিকার হন, যা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। জাতিসংঘের প্রতিবেদনসহ বিভিন্ন তদন্তে এ ঘটনার শক্ত প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। প্রসিকিউশনের আশা, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

অন্যদিকে, সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আন্দোলনে নতুন গতি সঞ্চার করে।