আদালতে ৩ ঘাতকের স্বীকারোক্তি, রাতে খুনিদের পাঠানো হয় কারাগারে

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ৩ ঘাতক। রোববার রাত সাড়ে আটটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে ঘাতক তুহিন, ফাহাদ এবং কামরুল ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, জবানবন্দিতে তারা তিনজনই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। হাতে আইফোনটি দিতে রাজি না হওয়ায় তার সাথে ধস্তাধস্তি করা হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে তার হত্যা নিশ্চিত করা হয়। তিন ঘাতকই আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এর দায় স্বীকার করেছেন। এর আগে রাত আটটার দিকে তিন ঘাতককে আদালতের সোপর্দ করে ডিবি পুলিশ। পরে আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, অপ্রিতম হত্যার ঘটনায় ঘাতক তুহিন ফাহাদ কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯ টার দিকে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।