আনন্দ-উচ্ছ্বাসে কুবির লোকপ্রশাসন বিভাগের ১৯ ও ২০তম আবর্তনের চড়ুইভাতি

রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
আনন্দ-উচ্ছ্বাস, খেলাধুলা, খাবার আর সাংস্কৃতিক পরিবেশনায় দিনভর উৎসবমুখর সময় কাটিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ১৯ ও ২০তম আবর্তনের শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্বপ্নচূড়া রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসা: শামসুন্নাহার, শিক্ষকবৃন্দ, বিভাগের ৯ম আবর্তনের সাবেক শিক্ষার্থী ও বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা শরীফুল ইসলামসহ ১৯ ও ২০তম আবর্তনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার মাধ্যমে সকাল ১১টায় শুরু হয় দিনব্যাপী এ আয়োজন। খেলাধুলার পর্ব শেষে দুপুর ২টায় পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজ। খাবার শেষে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা শরীফুল ইসলাম শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এখন থেকেই ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি চাকরির বাজারের বিভিন্ন বাস্তবতা ও প্রতিযোগিতার ধরন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

১৯ ও ২০তম আবর্তনের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটক ও কৌতুকের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সহপাঠীদের পরিবেশনায় আনন্দে মেতে ওঠেন উপস্থিত সবাই।

উল্লেখ্য, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। এ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় লোকপ্রশাসন বিভাগের ১৯ ও ২০তম আবর্তনের শিক্ষার্থীদের দিনব্যাপী চড়ুইভাতির আয়োজন।