একই প্রতিষ্ঠানে ৩৫ বছরের শিক্ষকতা, শেষে রাজকীয় সম্মাননায় বিদায়

পারভেজ সরকার, দেবিদ্বার।।
দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবন শেষে ব্যতিক্রমী সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রজাপতি ডি.এল. উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক সাধন চন্দ্র দেবনাথ। বিদায় উপলক্ষে তাঁকে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে রাজকীয় সংবর্ধনা জানানো হয়।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ আখন্দ। প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় শালঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. আউয়াল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধন চন্দ্র দেবনাথ দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী শিক্ষক সাধন চন্দ্র দেবনাথ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “কখনও ভাবিনি এমন আয়োজনের মাধ্যমে আমাকে বিদায় জানানো হবে। কর্মজীবনের শেষ সময়ে এসে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর এই অকৃত্রিম ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও জানান, ১৯৯২ সালে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে একই বিদ্যালয়ে টানা ৩৫ বছর দায়িত্ব পালন করেছেন। বিদায়বেলায় পাওয়া এই সম্মান ও ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায়ী এই শিক্ষক আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কবির আহমেদ চৌধুরী, সিনিয়র শিক্ষক মো. ইউনুস ভূঁইয়া, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সরকার, মো. মোর্শেদ আলম মেম্বার, সাবেক অভিভাবক সদস্য মো. মমিনুল ইসলাম সরকার, আ. রহিম সরকার, হাজী শহিদুল ইসলাম, হাজী জসিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।