স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকান্ডে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন কুমিল্লা ০৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
শুক্রবার (০৮ মে) বিকেল ৬টায় নগরীর পানপট্রি এলাকার ওই কর্মকর্তার বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাক্ষাৎকালে মনিরুল হক চৌধুরী পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে আশ্বস্ত করেন।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমি মহান সংসদে কথা বলেছি এবং এটি সংসদে উত্থাপন করেছি। আজকে আমার মাধ্যমে বুলেট বৈরাগীর স্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন যেনো বুলেট বৈরাগীর চাকুরীটা তার স্ত্রী পান এবং তার স্ত্রী যেনো একটি নিদিষ্ট সময় পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন-ভাতা তার স্ত্রী পায় এই বিষয়টি আগামীকাল (শনিবার) এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌছাতে চেষ্টা করবো। তিনি আরও বলেন, সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে আছি।
নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করে মনিরুল হক চৌধুরী তাদের কুমিল্লার বাসাতেই অবস্থান করার অনুরোধ জানান। তিনি বলেন, কুমিল্লার মাটিতে আপনাদের পরিবার নিরাপত্তাহীনতায় থাকবে না। যেকোনো প্রয়োজনে এবং সার্বিক সহযোগিতায় তিনি ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে পাশে থাকবেন বলে দৃঢ় প্রতিশ্রুতি দেন।
এর আগে, চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার বিকেলে মনিরুল হক চৌধুরীর এই পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।