কুমিল্লায় ট্রাকচাপায় ৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লায় ট্রাকের নিচে চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার (১৩ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মো. আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), মো. আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর থানার ভাইঘর গ্রামের পলাশের ছেলে সুমন (২১), বিষু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) এবং মো. রকিবুল্লাহের ছেলে আব্দুর রশিদ (৫৫)।

ওসি জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকের ওপর অবস্থানরত ১৩ জন ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
আহত হন ছয়জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো থানায় রাখা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।