কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী-নাতনি নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বাসিন্দা মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) ও তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় জোৎস্না বেগম ও তাঁর নাতনি চাঁদনী আক্তার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, ডাক্তার দেখানোর জন্য নাতনি চাঁদনীকে সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তাঁর ফুফু। চিকিৎসকের কাছে দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।