কুমিল্লায় ৪৫১ কিশোরকে মুচলেকায় ছাড়, ১৭৩ জন আদালতে

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আর মাদক সেবন, নিয়মিত মামলা, মোবাইল কোর্ট, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও গ্রেপ্তারি পরোয়ানার মামলায় ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালায় জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।