গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খাল উদ্ধার ও পুনঃখনন কাজ শুরু হয়েছে। ব্রাহ্মণপাড়া সদর থেকে নাইঘর হয়ে ঘুংঘুর নদী পর্যন্ত প্রায় ২.৭ কিলোমিটার খাল পুনঃখননের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী অলক দাশ, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রায় ২২ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে খালটি উদ্ধার ও পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ব্রাহ্মণপাড়া সদর থেকে নাইঘর হয়ে ঘুংঘুর নদী পর্যন্ত বিস্তৃত এ খালের মোট দৈর্ঘ্য ২,৭০০ মিটার। কাজটি বাস্তবায়ন করছে ‘মেসার্স আমিন অ্যান্ড কোং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচসংকট দেখা দিত। খাল পুনঃখননের ফলে এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “খালটি উদ্ধার ও খননকাজ সম্পন্ন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এতে কৃষি ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।