মারুফ আহমেদ।।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের গোমতী নদীর চরসংলগ্ন কাচিয়াতলী এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে মরদেহটি এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গোমতী নদীর চরের পাশে একটি ডোবায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়েছে, মর্গে পাঠানো হয়েছে, সনাক্ত করতে আইনগত প্রক্রিয়া চলছে।