দাউদকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আহনাফ তিহামী,দাউদকান্দি-তিতাস।।
কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দাউদকান্দি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশক্রমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. মো. মোশারফ হোসেন এবং প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। এ ছাড়া স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

র‍্যালিটি ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ইলিয়টগঞ্জ বাজার প্রদক্ষিণ করে একই বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।

পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালি ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ প্রায় ৭০০ থেকে ৮০০ জন অংশ নেন।

সমাবেশে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।