দেবিদ্বারের যুবলীগ নেতা ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার

গাজী রুবেল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল হরিমঙ্গল সীমান্ত এলাকা থেকে মোঃ রুহুল আমিন প্রকাশ রুবেল (৩৪) নামে দেবিদ্বার উপজেলার এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পরে যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ রুহুল আমিন প্রকাশ রুবেল দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মান্নান। তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল সীমান্ত এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, তাকে আটকের পর তার পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে জানা যায়, তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় একাধিক মামলা রয়েছে। পরে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।