পারভেজ সরকার, দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার দায়ে মোঃ সোহেল (৪২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অপরাধের দায়ে সোহেলকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল উপজেলার হোসেনপুর গ্রামের শাহজানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনক্ষমতা ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজমির উর্বরতা সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে টপ সয়েল কাটা ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।