নাঙ্গলকোটে মোহনা টিভির সাংবাদিকের কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা: অস্ত্র উঁচিয়ে হুমকি

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজের কার্যালয়ে একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রোড আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকের দিকে পিস্তল উঁচিয়ে হুমকি দেয় বলে ভুক্তভোগী জানিয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যায় বেলাল হোসেন রিয়াজ আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় তাঁর কার্যালয়ে বসে সংবাদ তৈরির কাজ করছিলেন। এ সময় মুখোশধারী একদল কিশোর গ্যাং সদস্য তাঁর কার্যালয়ে প্রবেশ করে। তারা সাংবাদিক রিয়াজের দিকে পিস্তল তাক করে কার্যালয় থেকে বের হয়ে আসার জন্য চাপ দিতে থাকে।

এ বিষয়ে সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ বলেন, আমি অফিসে বসে নিউজের কাজ করছিলাম। হুট করে মুখোশ পরা একদল কিশোর এসে আমার দিকে পিস্তল তাক করে বলে—তুই অফিস থেকে বের হ, তোর সাথে কথা আছে। আমি বের হতে অস্বীকৃতি জানালে তারা হুমকি-ধমকি দিতে থাকে। একপর্যায়ে আমি কৌশলে পুলিশকে খবর দিলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা। তিনি বলেন, প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিকের কার্যালয়ে ঢুকে তাঁকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। আমরা পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নাঙ্গলকোট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, আমি মাত্রই থানায় যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।