পহেলা বৈশাখে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাজী রুবেল।।
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে এ র‍্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিমের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহ আলম খোকন, মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সকালেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।