গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বোতলে পুরিয়ে অভিনব কায়দায় গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর)
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের নেতৃত্ব উপজেলার মকিমপুর-মিরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন পুলিশের একটি দল। এ সময় মাদক সেবনের অভিযোগে মো. অসীম মিয়া (২২) ও মো. তামিম (২১) নামে দুই যুবককে আটক করা হয়। আটককৃত মো. অসীম মিয়া মকিমপুর-মিরপুর এলাকার মৃত মো. নোয়াব মিয়ার ছেলে। অপর আটক মো. তামিম একই এলাকার মৃত ইসমাইলের ছেলে।
ব্রাহ্মণপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান, অভিযানের সময় তারা অভিনব কায়দায় বোতল ব্যবহার করে গাঁজা সেবন করছিলেন। পরে মাদক সেবনের অপরাধে তাদের আটক করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে সামারি ট্রায়ালের ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও মাদক সেবনের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।