গাজী রুবেল।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১লা ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান আগামী নির্বাচনকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা এবং আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ক্যাপ্টেন রেজওয়ান বলেন, নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূলে এবং যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা রোধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। সভায় উপস্থিত সাংবাদিকরা আইনশৃঙ্খলার বিভিন্ন চ্যালেঞ্জ ও নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। সেনাবাহিনীর কর্মকর্তারা সাংবাদিকদের উদ্দেশে গুজব বা অপপ্রচার রোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলার খবর দ্রুত সেনাবাহিনীকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী ও সংবাদমাধ্যমকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, যুগ্ম সম্পাদক হারুন-উর-রশিদ ও আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান সোহেল, সদস্য সোহেল খান চৌধুরী ও মো. ওসমান ভূঁইয়াসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে সভার নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার। সাংবাদিকরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।