ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে নাভা মনি(১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১:৪০ মিনিটে উপজেলার নাগাইশ এলাকার পীর বক্সের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাভা মনি(১৩) ওই এলাকার বাসিন্দা হাফেজ ফিরোজ আহমেদের মেয়ে এবং স্থানীয় নাগাইশ মডার্ন হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে নাভা মনিসহ কয়েকজন শিশু গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করা হয়।উদ্ধারের পর অচেতন অবস্থায় তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। নিহত শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সাঁতার জানে না এমন শিশুদের বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়া জরুরি।ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ থানায় আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে তথ্য পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।