গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ভারতীয় বাজিসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে দুইটি সিএনজিও জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল ) রাত আনুমানিক ১১টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- মোঃ হাবিবুর রহমান (৪০), পিতা মৃত হারুনুর রশিদ এবং মোঃ মেহেদী হাসান (৩০), পিতা আব্দুল জলিল। তারা উভয়েই কুমিল্লার মুরাদনগর উপজেলার গুঞ্জর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে দুটি সিএনজি নিয়ে চলাচলের সময় এলাকাবাসী তাদের থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজিতে থাকা ৮,২০০ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় বাজি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের আলামতসহ হেফাজতে নেয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “স্থানীয় লোকজন প্রথমে তাদের আটক করে আমাদেরকে সংবাদ দেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সঙ্গে থাকা চোরাই মালামালসহ হেফাজতে গ্রহণ করি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করি।”
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।