গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করে অচেতন করে ফেলার অভিযোগ উঠেছে তার পুত্রবধূ লিমা আক্তারের ( ২১ ) বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার ( ২১ অক্টোবর ) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক অভিযুক্ত লিমা আক্তার গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়ির আবু ইউসুফ ভুট্টর স্ত্রী।
পুলিশ জানায়, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূ লিমা আক্তারকে আটক করে।
এ সময় আহত শাশুড়ি আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।