গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলে ও স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা ও স্ত্রীর করা অভিযোগে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন মো. সালাউদ্দিন (৪৫) ও মো. রিফাত (২০)। শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের আলী আজ্জমের ছেলে এবং রিফাত দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানান, সালাউদ্দিন ও রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে তাঁরা নিয়মিত পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সালাউদ্দিন তাঁর স্ত্রী ও সন্তানকে মারধর করতেন এবং রিফাত তাঁর বাবাকে নির্যাতন করতেন। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলার জিরুইন ও দুলালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় তাঁদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় সালাউদ্দিনকে তিন মাস এবং রিফাতকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত সূত্র জানায়, অভিযুক্তরা নিয়মিত মাদক সেবন ও পারিবারিক নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন।