হোমনায় দুই বাইকের সংঘর্ষে একজন নিহত, আহত ৩

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় দুই বাইকের সংঘর্ষে কাউসার মিয়া নামে এক বাইক চালক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দুইজন। গতকাল শুক্রবার রাত বারোটার দিকে হোমনা- কোম্পানীগঞ্জ সড়কের শ্রীপুর কৃষ্ণপুর এলাকায় উচ্চ গতিসম্পন্ন দুই বাইকের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাইক চালক কাউসার মিয়া মারা যায়। সে উপজেলা দড়িভাষানিয়া গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে। কাউসার মিয়া ইলেকট্রিশিয়ান এর কাজ করতেন।
আহতরা হলেন- উপজেলার ঘারমোড়া ইউনিয়নের রহমত উল্লাহ ও আবদুল্লাহ। আশঙ্কাজনক অবস্থায় আহত এই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

জানা গেছে, চার বন্ধু দুই মোটরসাইকেল নিয়ে মুরাদনগর উপজেলার তিতাস এলাকা থেকে থেকে হাঁসের মাংস দিয়ে রুটি খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কৃষ্ণপুর স্থানে তাদের নিজেদের দুই বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই কাউসার মিয়া নিহত হয় এবং তার দুই বন্ধু আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আহত দুইজনকে ঢাকায় রেফার করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহতের বিষয়টি নিশ্চিত করেন।