ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, দাবি জামায়াতের

ডেস্ক রিপোর্ট।।
ভারতের তৈরি ম্যালওয়্যার দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, গত ৩১ জানুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়।

পরে সেটি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারির একটি হ্যাক হওয়া ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়। বিষয়টি শনাক্ত করার পর অ্যাকাউন্টগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকেও একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়, যা কিছু সময়ের মধ্যেই মুছে ফেলা হয়।

ব্রিফিংয়ে সিরাজুল ইসলাম অভিযোগ করেন, একটি গোষ্ঠী জামায়াতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে একের পর এক সাইবার হামলা করছে।

হ্যাকিংয়ের উৎস সম্পর্কে তিনি দাবি করেন, প্রাথমিক ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে, একটি সরকারি ডোমেইন থেকে পাঠানো ই–মেইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো হয়েছে। বিষয়টি সরকারকে জানানো হয়েছে এবং সাইবার আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, অফিসিয়াল মেইল অ্যাড্রেসের মাধ্যমে ম্যালওয়্যার এসেছিল (assistantprogrammer@bangabhaban.gov.bd) থেকে। ওই মেইল থেকে জামায়াতের কেন্দ্রীয় মেইলে বার্তা আসে।

সিসিতে আরও বেশ কয়েকটি আইডি দেওয়া ছিল এবং এর পাশাপাশি আলাদাভাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মেইলেও এসেছিল। জানতে পেরেছি আরও বেশ কিছু জায়গায় এই মেইলটি এসেছে এবং ইতোমধ্যে অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আছে। আমরা জানি না তারা কতগুলো ডিভাইস নিয়ন্ত্রণে নিয়েছে। বিষয়টি আমরা সরকারকে জানিয়েছি।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার ল্যাব রিপোর্টের বরাতে প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, আমরা ডিপ ফরেনসিক অ্যানালাইসিস রিপোর্ট সংগ্রহ করেছি।

সেখান থেকে দেখতে পেয়েছি, প্রথম অরিজিন মেইল বক্স হচ্ছে bcc.gov.bd। সেখান থেকে এটি ইন্ট্রোডিউস হয়েছে। অর্থাৎ সার্ভার আসলে bangabhaban.gov.bd-তে রাখা, সেখান থেকেই এটি এসেছে বলে আমরা প্রমাণ পেলাম। এটি বিভিন্ন পর্যায় ঘুরে ফাইনালি রিসিপিয়েন্টের কাছে এসেছে।
ফিশিং ম্যালওয়্যার সম্পর্কে সিরাজুল ইসলাম বলেন, যে ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে, সেটি বিশ্লেষণ করে আমরা পেয়েছি যে এই ম্যালওয়্যার তৈরি হয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। অর্থাৎ তারা এই ম্যালওয়্যারটি ইন্ট্রোডিউস করেছে এবং পরবর্তীতে এটি আমাদের দেশে এসেছে।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করতে চাই, তারাই এই তালিকাটি করুক যে কতগুলো ডিভাইস তারা অবৈধভাবে অনুপ্রবেশকারী (ইন্ট্রুডার) হিসেবে নিয়ন্ত্রণে নিয়েছে।

এ সময় জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান ও ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ উপস্থিত ছিলেন।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকত ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার।