ডেস্ক রিপোর্ট।।
সংসারের অভাব ঘোচাতে ও সন্তানদের মুখে হাসি ফোটাতে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার তিতাস উপজেলার রবিউল হাসান রবিন। সোমবার (৪ মে) সকালে কাজে বের হয়ে নিখোঁজ হন। পরদিন একটি ভাগাড় থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহত রবিউল হাসান রবিন কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, সোমবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল এলাকায় একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন রবিন। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, কোনো সমস্যার কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে পরদিন মঙ্গলবার (৫ মে) বিকেলে নির্মাণাধীন ভবনের ভেতরে থাকা একটি ময়লা ফেলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে মরদেহ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মর্গে নেওয়া হয়।
রবিনের বড় ভাই খোকন বলেন, আমার ছোট ভাই তিন বছর ধরে মালয়েশিয়ায়। সোমবার সকালে ফোনে জানতে পারি সে নিখোঁজ। পরে শুনি, কেউ তাকে হত্যা করে ময়লার ড্রাম্পারে ফেলে রেখেছে। খবরটা শুনে পুরো পরিবার ভেঙে পড়েছে।
তিনি বলেন, রবিনই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে মিহাদ হাসানের বয়স ১৫ বছর, মেয়ে রাইসা পাঁচ এবং ছোট ছেলে রোহানের বয়স মাত্র দুই বছর। এখন তাদের ভবিষ্যৎ কী হবে, সেটাই ভাবছি। আমরা চাই দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
স্বামীর মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রবিনের স্ত্রী ফেরদৌসী আক্তার। তিনি বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে রবিন মালয়েশিয়ায় যান। প্রথমে শাহআলম এলাকায় কাজ করলেও মাত্র ১৫ দিন আগে বুকিত জলিলে নতুন কর্মস্থলে যোগ দেন।
তিনি বলেন, সোমবার সকালে জালাল ও সেন্টু নামের দুই ব্যক্তি ফোন করে জানান, রবিন কাজে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরে আমাদের এলাকার কয়েকজন প্রবাসী সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বললে নানা অসঙ্গতি ধরা পড়ে। তখন থেকেই আমরা সন্দেহ করি, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের শ্বশুর মো. রশিদ মিয়া বলেন, ১৫ দিন আগে বুকিত জলিলে গিয়ে রবিন শ্রমিকদের বেতন হিসাবের দায়িত্ব পান। এতে সহকর্মীদের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই প্রতিহিংসা থেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।
তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, আমাকে পরিবার জানালে লাশ দেশে আনার বিষয়টি গুরুত্বসহকারে দেখব।