মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত শিশুরা ‘ফ্লাইটে আমার সঙ্গী’: মোহাম্মদ বাঘের গালিবাফ

ডেস্ক রিপোর্ট।।
যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। তাদের বহন করা উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘মিনাব ১৬৮’। এর মাধ্যমে ইরানের মিনাব শহরের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়া ১৬৮ শিক্ষার্থীকে স্মরণ করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা নামের একটি স্কুলে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্রে। হামলায় ওই বালিকা বিদ্যালয়ের ১৬৮ জন নিহত হয়, যাদের বেশির ভাগই ৮ থেকে ১৪ বছরের শিশু।

নিহত ওই শিশুদের স্মরণ করে আলোচনার জন্য আসা প্রতিনিধিদলের উড়োজাহাজের নামকরণ করা হয়েছে ‘মিনাব ১৬৮’।

পাকিস্তানে পৌঁছানোর পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা যায়, তাদের উড়োজাহাজের সামনের চারটি আসনে চারটি শিশুর ছবি। মিনাবের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ওই শিশুদের ছবির নিচেই রাখা একটি করে স্কুলব্যাগ ও একটি করে ফুল। ছবির ক্যাপশনে গালিবাফ লেখেন, ‘ফ্লাইটে আমার সঙ্গীরা’।