কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় ৮ নেত্রী

ডেস্ক রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তপশিল ঘোষণার পরদিনই নির্বাচন কমিশন থেকে উল্লেখযোগ্যসংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ১২ মে এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে কুমিল্লায় বিএনপির একাধিক নেত্রী সক্রিয় হয়ে উঠেছেন। তাদের মধ্যে অন্তত আটজন নেত্রীর নাম আলোচনায় রয়েছে। আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলীয় আনুগত্য, সাংগঠনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত পরিচিতি তুলে ধরে তারা জীবনবৃত্তান্ত প্রস্তুত করে দলের উচ্চপর্যায়ে জমা দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্যদের সমর্থন পেতে যোগাযোগ ও তদবির চালাচ্ছেন।

আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন—অ্যাডভোকেট ডালিয়া রহমান, শামীমা আক্তার রুবী, দিলারা শিরিন, সাকিনা বেগম, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, শাহনাজ আক্তার, রায়হান রহমান হেলেন এবং সামিরা আজিম দোলা। এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দিলারা শিরিন মেঘনা উপজেলা পরিষদের তিনবারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন।

শামীমা আক্তার রুবী কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক। ছাত্রজীবনে তিনি মুরাদনগর বদিউল আলম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং পরবর্তীতে প্রবাসে দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

অ্যাডভোকেট ডালিয়া রহমানও মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে অন্যতম আলোচিত একটি নাম, যিনি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত।

সাকিনা বেগম কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আগে মহিলাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা কেন্দ্রীয় মহিলা দল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি দক্ষিণ জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাহনাজ আক্তার তার স্বামী হুমায়ুন কবির পারভেজ নিখোঁজ হওয়ার পর থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। তিনি লাকসাম পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন এবং বিভিন্ন মানবাধিকার ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

রায়হান রহমান হেলেন কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক। দীর্ঘ দুই দশক ধরে তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ আসনের সাবেক বিএনপি নেতা আনোয়ারুল আজিমের কন্যা। গত নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোয়াক মিয়া গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের মধ্য থেকেই যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
সূত্র – এশিয়া পোস্ট