গাজী রুবেল।।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন,“বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কোনোভাবেই সন্ত্রাসী স্টাইলে রাজনীতি চলতে দেওয়া হবে না। দলের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং কিংবা মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সেবামূলক রাজনীতি করারও নির্দেশ দেন।
শনিবার (১১ জুলাই) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হাজী জসিম বলেন, আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। আমি সেই দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাচ্ছি। বুড়িচং ও ব্রাহ্মণপাড়াকে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সড়ক, জনপথ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চোরাচালান, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা আরও সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহ-সভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আনিছুর রহমান রিপন ভূইয়া, শাহজাহান সাজু, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্যসচিব এনামুল হক সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু, ওলামা দলের সদস্য সচিব মো. মোবারক হোসাইন, মৎস্যজীবী দলের আহ্বায়ক সার্জেন শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ প্রমূখ।