নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশে ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন হাদি। এরপরেই বাংলাদেশজুড়ে নতুন অশান্তি শুরু হয়। হাদির স্মৃতির উদ্দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ঢাকা। এমনকি তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। এই গ্রেপ্তারি বড় সাফল্য বলে মনে করছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।’
ওসমান হাদি গতবছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় যাচ্ছিলেন, তখন বাইকে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।