হোমনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৫

‎হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

‎কুমিল্লার হোমনা উপজেলায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

‎ আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে উপজেলা বাসস্ট্যান্ড ও পঞ্চবটি এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

‎প্রথম দুর্ঘটনায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দড়িকান্দি ঘনিয়ারচর এলাকার ইউসুফ (৩৭), তার ছেলে ইয়াসিন (১২) ও স্ত্রী খাদিজা (৩৫) আহত হন।

‎এর কয়েক মিনিট পর একই এলাকায় হোমনা–বাঞ্ছারামপুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মরিয়ম (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়। আরেক দুর্ঘটনায় পঞ্চবটি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় কাতারের নেছা (৬০) আহত হন।

‎হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে দুই শিশু ইয়াসিন, মরিয়ম ও খাদিজার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

‎হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরি বলেন, “এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”