পারভেজ সরকার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের ২ সদস্য এবং ৪ জন মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই শ্রী অজয় চক্রবর্তী ও এসআই ভবতোষ কান্তি দে এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সহ পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভিংলাবাড়ী ও মির্জানগর এলাকায় অভিযান পরিচালনা করাহয়। অভিযানে ইয়াবা বেচাকেনার সময় দক্ষিণ ভিংলাবাড়ীর একটি সড়ক ও মির্জানগর এলাকা থেকে প্রথমে ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের মো. এনাম সরকার (৩৪) ও আহমেদ আলী (৩০), দেবিদ্বারের ভিংলাবাড়ী এলাকার মো. লিটন (২৪) ও মো. লিটন (৪২)। এ ছাড়া অভিযান চলাকালে পৌরসভার পুরাতন বাজার এলাকার মো. সুমন (৩০) এবং মাশিকাড়া এলাকার মো. শরীফ (২৪) নামে চোর চক্রের আরও ২ সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, ভিংলাবাড়ী ও মির্জানগর থেকে আটককৃতদের দেহ তল্লাশি করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে দেবিদ্বার ও মুরাদনগরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক ৬ জনকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দেবিদ্বারকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।