দৃষ্টিনন্দন স্থাপত্যে মুগ্ধতা, ব্রাহ্মণপাড়ার মহালক্ষীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন শুক্রবার

গাজী রুবেল।।
প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এখন স্থানীয় মুসল্লিদের নজর কাড়ছে। আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত এ মসজিদটির কাজ সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় চার বছর।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত দৃষ্টিনন্দন এ মসজিদটি আজ শুক্রবার উদ্বোধন করা হবে।

মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মোঃ মহসিন কবির সরকার জানান, মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন সাবেক ইমাম মরহুম মাওলানা মোঃ মুসলে উদ্দিন হুজুর। তিনি আজ আর আমাদের মাঝে নেই। তবে সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় দীর্ঘ চার বছরের প্রচেষ্টায় মসজিদটির নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে।

মসজিদের মুসল্লি ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক সরকার বলেন, “দীর্ঘ চার বছরের নানা ধাপ পেরিয়ে আজ শুক্রবার মসজিদটির উদ্বোধন হতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। সকলের সহযোগিতায় আল্লাহর ঘর নির্মাণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

মসজিদের ক্যাশিয়ার মোঃ আইয়ুব সরকার রুবেল বলেন, “ডিজাইন অনুযায়ী আধুনিক স্থাপত্যের সঙ্গে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। চার বছরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মিত হয়েছে, যেখানে সমাজের অনেকের অর্থ, শ্রম ও পরামর্শ রয়েছে। ঢাকায় ব্যবসার পাশাপাশি আমি নিয়মিত এখানে এসে কাজের তদারকি ও হিসাব-নিকাশ করে থাকি। তিনি আরও বলেন, “আল্লাহর ঘর নির্মাণে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই।

জানা গেছে, মসজিদটিতে একসঙ্গে প্রায় ২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এতে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, বাগান, আধুনিক অজুখানা এবং ইমাম ও মুয়াজ্জিনের থাকার জন্য আলাদা কক্ষ। সব মিলিয়ে আধুনিক স্থাপত্যের সমন্বয়ে নির্মিত মহালক্ষীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদটি এখন এলাকায় নান্দনিকতার এক অনন্য নিদর্শন হিসেবে প্রশংসিত হচ্ছে।