‎ব্রাহ্মণপাড়ায় তিন বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা ‎

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসার-ভিডিপির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার সকালে উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

‎সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কঠোর হাতে দমন করা হবে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। এ সময় পুলিশ, বিজিবি ও আনসার-ভিডিপির কর্মকর্তারা নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন সময়ে টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কথা জানান। সভায় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।