ডিজিটাল ডেস্ক
হঠাৎ করে যুক্তরাষ্ট্র, ইরান, ওমান বা অন্য কোনো দেশের অচেনা নম্বর থেকে কল আসছে? সাম্প্রতিক সময়ে অনেকেই এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রযুক্তির সহজলভ্যতার সুযোগ নিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্র এখন আন্তর্জাতিক নম্বর ব্যবহার করে সাধারণ মানুষকে টার্গেট করছে।
ভুয়া চাকরির প্রস্তাব, লটারি জেতার খবর বা আকর্ষণীয় উপহারের লোভ দেখিয়ে তারা ব্যক্তিগত ও ব্যাংক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। একবার এসব তথ্য পেয়ে গেলে ব্যাংক হিসাব বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়তে পারে।
কেন আসে এসব কল
সব আন্তর্জাতিক কলই যে প্রতারণার উদ্দেশ্যে আসে, তা নয়। বিদেশে থাকা আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ কল করতে পারেন। তবে অচেনা নম্বর থেকে আসা অনেক কলের পেছনে অসৎ উদ্দেশ্য থাকে। বর্তমানে ই-সিম ও অনলাইন সেবা ব্যবহার করে খুব সহজেই বিদেশি নম্বর সংগ্রহ করা যায়। ফলে দেশে বসেই বিদেশি নম্বর দিয়ে কল করা সম্ভব। অনেক ক্ষেত্রে নম্বরটি আন্তর্জাতিক হলেও কলটি স্থানীয়ভাবে পরিচালিত হয়।
প্রতারকদের সাধারণ কৌশল
প্রতারকরা নানা কৌশল ব্যবহার করে থাকে। কখনো শুধু মিসড কল দিয়ে রাখে, যাতে আপনি কৌতূহলবশত কল ব্যাক করেন। কখনো বারবার কল করে নিজেকে কুরিয়ার সার্ভিস, ব্যাংক বা নিয়োগ সংস্থার প্রতিনিধি পরিচয় দেয়। আবার কেউ লোভনীয় চাকরি বা বড় অঙ্কের অর্থ পাওয়ার প্রলোভন দেখায়।
এসব ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত হলো অচেনা নম্বর রিসিভ না করা এবং কল ব্যাক না করা।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
অচেনা আন্তর্জাতিক নম্বর দেখলেই সতর্ক থাকুন। ভুলবশত কল রিসিভ করলে কোনো অবস্থাতেই ব্যক্তিগত তথ্য, ওটিপি, ব্যাংক তথ্য বা পাসওয়ার্ড শেয়ার করবেন না। কল শনাক্তকারী অ্যাপ ব্যবহার করতে পারেন, যা সন্দেহজনক নম্বর সম্পর্কে ধারণা দেয়।
সন্দেহজনক নম্বর ব্লক ও রিপোর্ট করুন। হোয়াটসঅ্যাপ বা অনুরূপ অ্যাপে সাইলেন্ট আননোন কল সুবিধা চালু রাখুন। এছাড়া, ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সুবিধা চালু রাখলে অপ্রয়োজনীয় কল কমে।
নম্বর দেখে কীভাবে বুঝবেন
ফোন নম্বরের শুরুতে দেশের কোড থাকে। বাংলাদেশের কোড +৮৮০। এর বাইরে অন্য কোড থাকলে সেটি আন্তর্জাতিক নম্বর। যেমন +১, +৯২, +৯৮, +৬২, +৮৪ ইত্যাদি কোড দেখলে সতর্ক হওয়া উচিত। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক নম্বরে কল ব্যাক করলে অতিরিক্ত চার্জ কাটা যেতে পারে।
আপনার নম্বর ফাঁস হয়েছে কি না
যদি নিয়মিত একাধিক অজানা আন্তর্জাতিক নম্বর থেকে কল আসে, তাহলে আপনার নম্বর কোনো ডেটা ফাঁসের মাধ্যমে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনলাইন অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন এবং প্রয়োজনে মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।
ডিজিটাল যুগে প্রতারণার ধরন বদলেছে, কিন্তু সচেতনতা থাকলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। অজানা আন্তর্জাতিক নম্বর থেকে কল এলে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। প্রলোভনে পড়ে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন। সন্দেহ হলে কল কেটে দিন, নম্বর ব্লক করুন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। সামান্য সতর্কতাই আপনার অর্থ ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে পারে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস