রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দি ও মেঘনা উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বালু দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী ১৭ তারিখ বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সেই লক্ষ্য সামনে রেখেই আজ থেকে দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, দাউদকান্দি ও মেঘনা এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস ও বালুখেকোদের স্থান হবে না।
ড. মারুফ হোসেন আরও বলেন, আইন সবার জন্য সমান। যদি এ ধরনের কোনো অপকর্মে আমাদের দলের কেউও জড়িত থাকার চেষ্টা করে, তার বিরুদ্ধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলেই দাউদকান্দি ও মেঘনাকে একটি সুখী, শান্তিময় ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ।