দাউদকান্দিতে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

‎রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি

‎কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পরোয়ানাভুক্ত অবস্থায় আত্মগোপনে থাকা এ আসামিকে গ্রেফতারের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পুলিশ।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. সুমন সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তিনছিটা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে কামাল হোসেনকে গ্রেফতার করেন।

‎পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামাল হোসেন জিআর-২৭০/২০০৭ ও দায়রা মামলা নং-৭৯৯/২০০৯ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে মামলার পরোয়ানা ছিল প্রসেস নং-১৫৫/২০২৬। ২০০৭ সালের মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

‎পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। দাউদকান্দি মডেল থানা পুলিশ বলছে, অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।