সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান: হাঙ্গরের শুটকি ও সি-হর্স জব্দ

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক হাঙ্গরের শুটকি ও বিরল প্রজাতির সি-হর্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শংকুচাইল বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮৩ কেজি সামুদ্রিক উন্নতমানের হাঙ্গর মাছের শুটকি (ড্রাইড সি শার্ক ফিন) এবং ৫ কেজি বিরল প্রজাতির সি-হর্স (ড্রাইড সি-হর্স)।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা এসব চোরাচালানি পণ্যের বাজারমূল্য প্রায় কোটি টাকা। পণ্যগুলো কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।