মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১

সাজ্জাদ হোসেন শিমুল।।
কুমিল্লার মুরাদনগরে এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন এবং তার সহকর্মীকে মারধরের ঘটনায় রিফাত (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ|

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মুরাদনগর উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত রিফাত মুরাদনগর সদর ইউনিয়নের কলেজপাড়ার মো.রফিকের ছেলে|

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের সামনে এক নারী উদ্যোক্তা ও তার সঙ্গে থাকা এক ডেলিভারি কর্মীর সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়| একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়| এসময় অভিযুক্তরা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করে এবং তার সহকর্মীকে মারধর করে|

এ ঘটনায় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়|

ঘটনার পর ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করে|

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে| গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে|