গাজী রুবেল।।
কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন-কে সংবর্ধনা জানাতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়।
শুক্রবার(১১ এপ্রিল) বিকেলে হাজী জসিম উদ্দিন এর নিজ এলাকা বাগড়াবাসীর উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, যাকে এক নজর দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে।
অনুষ্ঠানস্থলে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হতে থাকেন। স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এক পর্যায়ে মঞ্চে আসিফ আকবর ও এমপি হাজী জসিম উদ্দিন-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলে উপস্থিত জনতা করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন।
এ সময় আসিফ আকবর এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর নির্বাচনী বিজয়ে অভিনন্দন জানান এবং বলেন, “জনগণের ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
হাজী জসিম উদ্দিনকে আমি ছোট বেলা থেকে চিনতাম। তিনি আমার বড় ভাইয়ের বন্ধু ছিলেন। এই সুবাদে আমাদের বাসায় তিনি চলাচল করতেন।
নিজ বক্তব্যে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, বাগড়া আমার ঘর। এখান থেকে সংবর্ধনা নেওয়ার কোনো কিছু নাই। আমি আপনাদের সন্তান। সন্তান হিসেবে আপনাদের মাঝে আমি মৃত্যুর আগ অব্দি পর্যন্ত থাকতে চাই। তিনি আরও বলেন, আমি জনগণের ভালোবাসায় সিক্ত। এই ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দিতে চাই।
কুমিল্লা-৫(বুড়িচং-ব্রদহ্মণপাড়া) এই আসনকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য আসন রূপান্তর করাই আমার লক্ষ্য। আর দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর আমার ছোট ভাই। তাকে শুধু কুমিল্লায় নয় সারাবিশ্বে চিনে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ ও জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। গণসংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয় আনন্দঘন ও স্মরণীয় পরিবেশের মধ্য দিয়ে।