স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৮ হাজার ৪জন শিশুকে হাম-রুবেলার টিকা দিতে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন। আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে টিকাদানের এই কার্যক্রম চলবে ১৪ দিন।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার থেকে কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া শুর হবে। শিশুদের হাম- রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শীর্ষক কার্যক্রমের মাধ্যমে এসব টিকা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, হাম একটি জাতীয় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। সরকার এই সমস্যাটিকে খুবই গুরত্বের সঙ্গে দেখছে। আমরা চাই সিটি করপোরেশন এলাকার ৫ বছরের নীচের একটা শিশুও যেন হাম-রুবেলার টিকা ছাড়া না থাকে। আগামীকাল থেকে আমরা ৪৮ হাজার ৪জনকে হাম-রুবেলার টিকার কার্যক্রম শুরু করেছি। এর মধ্যে প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণীর অধ্যায়নরত ৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রী ৪ হাজার ৪৪৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি শিশু ৪৩ হাজার ৫৫৯ জন শিশু রয়েছে।
সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুমিল্লা প্রতিনিধি ডা. সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. চন্দ্র রাণী দেবনাথ ও ইপিআই এর মেডিকেল টেকনোলজিস্ট জহিরুল ইসলামসহ কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।