গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার এলাকায় কুমিল্লা–মিরপুর সড়ক প্রশস্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
জানা যায়, কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় ব্রাহ্মণপাড়া সদর এলাকার ভিশন হাসপাতাল সংলগ্ন স্থান থেকে শুরু করে বাজারের সিএনজি স্টেশন সংলগ্ন ‘আল্লাহর ৯৯ নাম’ ফলক পর্যন্ত অংশে এ অভিযান চালানো হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে সড়কের দুই পাশ মেপে ২৬ ফুট প্রশস্ততা নির্ধারণ করা হয়।
অভিযানকালে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সড়কের সীমানা নির্ধারণ করে তা সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষকে বুঝিয়ে দেন। পরে সওজের স্ক্যাভেটর (ভেকু) দিয়ে সড়কের ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এবং অবশিষ্ট স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সড়ক বিভাগের আওতাধীন কুমিল্লা–পালপাড়া–বুড়িচং–ব্রাহ্মণপাড়া–মিরপুর (জেড-১০৪১) জেলা মহাসড়কের ১২ কিলোমিটার এলাকায় সওজের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানঘর ও স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, সড়ক প্রশস্তকরণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।