পারভেজ সরকার,দেবিদ্বার।।
কুমিল্লার দেবিদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে| নিহত আনিসুর রহমান উপজেলার ছোটনা গ্রামের মিন্নত আলীর পুত্র|
বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টার সময় উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে|
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতর শিকলবন্দী করে রাখা হয়েছিল| রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়| মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে| স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দী থাকায় আনিসুর রহমান বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হন| পরে আগুন নিভে যাওয়ার পর বুধবার সকালে তিনি মারা যান| তাকে হাসপাতালে নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন| অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়|
শরিফুল ইসলাম নামের এক স্থানীয় জানান, অগ্নিকান্ডের সময় ঘরের আসবাপত্র পুরে যায়, শিকলবন্দী আনিসকে আগুন নিয়ন্ত্রণে আসার পর পুরে যাওয়া ঘর থেকে বাহিরে আনা হলেও তাকে হসপিটালে নেওয়া হয়নি| এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে|
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকান্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি|