ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ডেস্ক রিপোর্ট।।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং দেশের বন্দরগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু এলাকায় আগামী ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বা সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এর পরদিন অর্থাৎ ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন ব্যাংকগুলোতে পবিত্র ঈদুল আজহার ছুটি কার্যকর থাকবে।

তবে তৈরি পোশাক খাতের আমদানি-রপ্তানি এবং শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা রাখতে হবে।

পোশাক শিল্প এলাকায় এই দুই দিন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহকদের সাধারণ লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর বাইরে দেশের সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে আগের নির্দেশনা বহাল থাকবে। এছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক তাদের নির্দেশনায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্থানীয় প্রশাসনসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলোকে এই ছুটির দিনে কাস্টমস এলাকায় সেবা নিশ্চিতের যথাযথ ব্যবস্থা নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এই ছুটির দিনগুলোতে ব্যাংকের যেসব কর্মকর্তা ও কর্মচারী কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করবেন, তারা প্রচলিত বিধি অনুযায়ী অবশ্যই অতিরিক্ত ভাতাদি বা অ্যালাউন্স পাবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।