ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সীমান্তবর্তী ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজ ছাত্র আবদুল্লাহ মোঃ শিহাবের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকাল ৭টা ২০ মিনিটের সময় লাশ উদ্ধারকালে বিপুল সংখ্যক শোকাহত মানুষ উপস্থিত ছিলেন। নিহত শিহাব(১৭) নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের আহমেদ শিপনের ছেলে ও চট্টগ্রামের বি.এন কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এর আগে শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যান শিহাব।

নিখোঁজ শিহাবের মামা আসিফ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে সিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাগজুর গ্রামে যায় তালের আঁটি খাওয়ার জন্য। জুমার নামাজের সময় হওয়ায় সেখান থেকে দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে তিন বন্ধু। এ সময় অপর দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হলেও শিহাব নদীতে নিখোঁজ হয়। শুক্রবার চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে আসা ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত তল্লাশী চালিয়ে তার লাশের সন্ধান পায়নি। শনিবার সকালে ডুবুরি দল ডাকাতিয়া নদী থেকে শিহাবের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে শিহাবেরর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শহরে পড়ালেখা করা অনেক যুবক সাঁতার জানে না। তারা ঈদ বা বিভিন্ন উৎসবে বাড়িতে পাশের পুকুর, খাল বা নদীতে নেমে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়। কলেজ ছাত্র শিহাবের মৃত্যু এর উদাহরণ। এক্ষেত্রে অভিভাবক ও যুবকদের আরও সচেতন হতে হবে।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, কলেজছাত্র শিহাবের নিখোঁজের খবর পেয়ে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালানো হয়। কিন্তু লাশের সন্ধান পাওয়া যায়নি। শনিবার পুনরায় উদ্ধার কার্যক্রম শুরুতেই কলেজ ছাত্র শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে।